ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলা ভূমি সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাব-রেজিস্ট্রারকে সহায়তার অভিযোগে এ সময় ওই কার্যালয়ের অফিস সহকারী আশরাফুল আলমকেও গ্রেপ্তার করা হয়।

দুদকের পাবনা জেলা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন। অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ উপজেলা সাব-রেজিস্ট্রার ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

দুদক সূত্র জানায়, উপজেলার ওই কার্যালয়ে বেশ কিছুদিন ধরে ঘুষ নিয়ে ভূমি রেজিস্ট্রিসহ ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজ করা হচ্ছিল বলে অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক পাবনা কার্যালয় অভিযানে নামে। সম্প্রতি চারজন ব্যক্তির চারটি দলিল রেজিস্ট্রেশনের জন্য সাব-রেজিস্ট্রার ১৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। দুদক কর্মকর্তারা আগেই ১৪ হাজার টাকার নম্বর সংগ্রহ করে ওই চার সেবাগ্রহীতাকে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠান। তাঁরা সাব-রেজিস্ট্রারকে ১৪ হাজার টাকা ঘুষ দিয়ে ভূমি রেজিস্ট্রেশন শেষ করেন। বিকেল পাঁচটার দিকে দুদক কর্মকর্তারা কার্যালয়টিতে অভিযান চালান। এ সময় সাব-রেজিস্ট্রারের কাছ থেকে দুদকের শনাক্ত করা ওই ১৪ হাজার টাকা পাওয়া যায়। পরে টাকাসহ সাব-রেজিস্ট্রার ও তাঁকে সহযোগিতার অভিযোগে সহকারীকে গ্রেপ্তার করা হয়। 

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল করিমের তত্ত্বাবধানে ওই অভিযানে নেতৃত্ব দেন উপপরিচালক আবু বকর সিদ্দিক। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ গোলাম মওলা, উপসহকারী পরিচালক সাইদুর রহমান, আদালত সহকারী ওবায়েদ ইবনে খালেক, কনস্টেবল ময়নুল হাসান ও মো. নুরুজ্জামান।
দুদকের পাবনা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে মামলা করে পুলিশে সোপর্দ করা হবে।