ঘুষের মামলায় ডিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপকর কর্মকর্তা মো. তোফাজ্জেল হোসেন জমাদ্দারের বিরুদ্ধে ২০ হাজার টাকা ঘুষ গ্রহণের মামলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের সভায় এই অনুমোদন দেওয়া হয়।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটির অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়।

 গত ১৬ ফেব্রুয়ারি ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ডিএসসিসির ওই কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। এরপর দুদকের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ আলম বাদী হয়ে কলাবাগান থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, মোস্তফা মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন, কলাবাগান এলাকায় তাঁর নিজের বাড়ির সিটি করপোরেশনের কর অতিরিক্ত নির্ধারণ করা হয়। এই কর কমিয়ে দেওয়ার শর্তে মোস্তফা মোহাম্মদ আলীর কাছে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন তোফাজ্জেল হোসেন জমাদ্দার। মোস্তফা মোহাম্মদ আলী বিষয়টি দুদককে অবহিত করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি সব প্রক্রিয়া অবলম্বন করে ঘুষ গ্রহণের সময় তোফাজ্জেলকে গ্রেপ্তার করতে ১০ সদস্যের একটি বিশেষ দল গঠন করে দুদক। ১৬ ফেব্রুয়ারি দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে বিশেষ দলটি মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির চারপাশে অবস্থান নেয়। বিকেলে মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির সামনে থেকে ঘুষ নেওয়ার সময় তোফাজ্জেল হোসেন জমাদ্দারকে ২০ হাজার টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে আরও ১ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলাটির তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক মো. নূর-ই-আলম। তাঁর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন এই অভিযোগপত্র অনুমোদন করে। দুদক জানিয়েছে, শিগগিরই বিচারিক আদালতে মামলার অভিযোগপত্র জমা দেওয়া হবে।