বরগুনার তালতলী উপজেলায় মাছের ঘের থেকে ফুটবল ওঠাতে যাওয়ায় গত বুধবার এক স্কুলছাত্রকে মারধর করে আহত করেছেন ঘেরের মালিক। এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার এলাকাবাসী ও শিক্ষার্থীরা আমতলী-তালতলী সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
ওই ছাত্রের নাম নেছার উদ্দীন (১৪)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র। সে আলীর বন্দর গ্রামের বশির মোল্লার ছেলে।
ঘেরের মালিক জহিরুল ইসলাম বলেন, ‘নেছারকে খুব বেশি মারিনি। কয়েকটা চড়-থাপ্পড় দিয়েছি।’
বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকেরা বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পাশের জহিরুল হকের মাছের ঘেরে গিয়ে পড়ে। নেছার উদ্দীন সাঁতার কেটে ঘের থেকে বলটি তুলতে গেলে জহিরুল তা দেখে ফেলেন। বল নিয়ে কিনারে আসামাত্র নেছারের মাথার চুল ধরে এলোপাতাড়ি কিলঘুষি মারতে থাকেন তিনি। মাটিতে লুটিয়ে পড়লে তার বুক, পিঠ ও কোমরে লাথি মেরে গুরুতর আহত করা হয়। সহপাঠীরা নেছারকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে জহিরুল তাদের ধমক দিয়ে সরিয়ে দেন। খবর পেয়ে বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক সুনীল চন্দ্র তালুকদার গিয়ে নেছারকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুনীল চন্দ্র তালুকদার বলেন, নেছারকে উদ্ধারের সময় তার সংজ্ঞা ছিল না।
গতকাল সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নেছার ব্যথায় কাতরাচ্ছে। সেখানে তার বাবা বশির মোল্লা বলেন, ‘এতটুক একটা পোলারে এই রহম কি মানষে মারে। ও কী এমন দোষ করছে?’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাপস চন্দ্র মণ্ডল বলেন, নেছার ঘাড়ে ও কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছে। ওর সুস্থ হতে সময় লাগবে।
নেছারকে মারধরের প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও এলাকার লোকজন আমতলী-তালতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান শুক্রবারের (আজ) মধ্যে বিচার করার আশ্বাস দিলে ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন বলেন, নেছারকে মারধরের ঘটনায় গতকাল সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা পরিষদের জরুরি সভা করা হয়েছে। সভায় ঘটনার সুষ্ঠু বিচার না হলে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, স্কুলছাত্রকে মারধরের বিষয়ে এখনো কেউ অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।