ঘেরাও করতে এসে আটক ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করতে আসা ১৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
কর্মসূচি পালনের উদ্দেশ্যে গতকাল রোববার সকালে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হওয়ার পরপরই তাঁদের আটক করা হয়। গত শুক্রবার তাঁরা এই কর্মসূচি ডেকেছিল।
পরে ‘প্রগতিশীল ছাত্রজোটের’ ব্যানারে বাম ছাত্রসংগঠনগুলো উপাচার্যের কার্যালয়ের সামনে দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে। তারা উপাচার্যের সঙ্গে দেখাও করেছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের সঙ্গে উপাচার্যের ২০ মিনিটের মতো বৈঠক হয়েছে। সেখানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে অনমনীয় মনোভাব পোষণ করেছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত শুধু একটি ব্যাচের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করে নেওয়া হয়নি, তাই এই ব্যাচের সুবিধার জন্য নতুন করে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।
পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে আন্দোলনকারী ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন। বেলা ১১টার দিকে পুলিশ এসে তাঁদের সেখান থেকে চলে যেতে বলে। শিক্ষার্থীরা যেতে না চাইলে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ধাওয়া
খেয়ে শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে যান। শাহবাগ থানার পুলিশ জানিয়েছে, এ সময় সেখান থেকে ১৬ জন শিক্ষার্থীকে আটক করা হয়।