ঘেরে পানি তুলতে বাঁধ কেটে পাইপ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের পরানপুর এলাকায় বাঁধ কেটে পাইপ বসিয়ে চিংড়িঘেরে পানি তোলা হচ্ছে।
বাবলুর রহমান শেখ নামের এক ব্যক্তি তাঁর চিংড়িঘেরসহ আশপাশের কয়েকটি ঘেরে পানি সরবরাহের ব্যবসা করার জন্য পাইপ বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১৮ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, উপজেলার ওপর দিয়ে প্রবাহিত কালিন্দি নদীর তীরে নির্মিত বাঁধ কেটে সেখানে বড় তিনটি প্লাস্টিকের পাইপ পাশাপাশি বসানো হয়েছে। এ জন্য বাঁধটিতে ১৫ ফুট গভীর গর্ত করা হয়েছে। পরে সেখানে মাটি ফেলে ওই স্থান ঢেকে দেওয়া হয়েছে।
ওই এলাকার একটি চিংড়িঘেরের কর্মচারী বাসুদেব মণ্ডল বলেন, প্রায় তিন সপ্তাহ আগে স্থানীয় বাবলুর রহমান শেখ বাঁধ কেটে পাইপগুলো বসান। তখন বাঁধ কাটা বন্ধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো উদ্যোগ নেয়নি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, ২০০৯ সালে আইলার সময় জলোচ্ছ্বাসে উপজেলার শতাধিক কিলোমিটার বাঁধ ভেঙে যায়। আইলায় ক্ষতিগ্রস্ত লোকজনকে দেখতে ২০১০ সালের ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্যামনগরে আসেন। তিনি ঘোষণা দেন, উপকূলীয় এলাকার বাঁধ কেটে নদীর পানি তোলা যাবে না। এভাবে কেউ পানি তুললে পাউবোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পরে পাউবো বাদী হয়ে বাঁধ কেটে পাইপ বসানোর অভিযোগে বিভিন্ন সময়ে পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। কিন্তু এরপরও সম্প্রতি পাউবোর এক কর্মকর্তার সঙ্গে সমঝোতা করে বাঁধ কেটে পাইপ বসানো হয়েছে।
তবে বাবলুর রহমান দাবি করেন, অনেক আগে ওই স্থানে একটি পাইপ লাগানো ছিল, তিনি সেই স্থানেই পাইপ লাগিয়েছেন। এ জন্য পাউবোর শাখা কর্মকর্তা ওবায়দুর রহমান মল্লিককে চা-নাশতা খাওয়ার জন্য রনির মাধ্যমে কিছু টাকা দিয়েছিলেন। ওই পাইপ দিয়ে ২৫টি চিংড়িঘেরের জন্য পানি তোলা হয়। এতে যা খরচ হয়, ঘেরমালিকদের কাছ থেকে সেই পরিমাণ টাকা নেওয়া হয়। পানি তোলা নিয়ে ব্যবসা করা হয় না।
পাউবোর কালীগঞ্জ উপজেলা কার্যালয়ের শাখা কর্মকর্তা (এসও) ওবায়দুর রহমান মল্লিক ১৯ জানুয়ারি বলেন, ওই এলাকায় বাঁধ কাটার বিষয়ে তিনি কিছু জানতেন না। তিন মাস আগে সেখানে একটি পাইপ বসানোর কথা লোকমুখে শুনে সেখানে গিয়েছিলেন। তখন বাবলুর রহমানকে কারণ দর্শানোর একটি নোটিশ পাঠিয়েছিলেন। তারপরও রাতের অন্ধকারে পাইপ বসানো হয়েছে। তিনি টাকা নেওয়ার কথা অস্বীকার করে বলেন, এ ব্যাপারে শিগগিরই মামলা করবেন।