ঘেরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে বিরোধের জের ধরে গলদা চিংড়ির আটটি ঘেরে গতকাল সোমবার মাছ মরে ভেসে ওঠে। ঘেরমালিকের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন বিষ দিয়ে তাঁর ঘেরের মাছ মেরে ফেলেছে। এতে প্রায় দেড় কোটি টাকার মাছ মরে গেছে বলে তিনি দাবি করেন।
ঘেরমালিক শেখ খায়রুজ্জামান বলেন, তিনি কুমড়ি মাঠে ৪৫ একর জমিতে আটটি ঘের করে গলদা চিংড়ির চাষ করেন। গত বছর এ ঘের থেকে তিনি সোয়া কোটি টাকার মাছ বিক্রি করেছেন।
গত পয়লা বৈশাখে তিনি সাড়ে তিন লাখ গলদা চিংড়ির পোনা ছেড়েছেন। ১৫ দিন পর এ মাছ ধরা শুরু হতো।
এ বছর মাছের খাবার, ওষুধ ও রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ৬৫ লাখ টাকা খরচ হয়েছে। তিনি দাবি করেন, বিষ দেওয়ায় ঘেরের সব মাছ মরে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
খায়রুজ্জামানের অভিযোগ, গ্রামের প্রতিপক্ষের লতিফুর রহমান, তুহিন, হিলু ও মুক্তসহ ১০-১২ জন গতকাল ভোরে ঘেরে এসে পাহারাদারদের সরে যেতে বলেন। সরে না যাওয়ায় তাঁরা সাত-আটটি ফাঁকা গুলি ছোড়েন। এরপর তাঁরা আটটি ঘেরে বিষ দিয়ে চলে যান।
লোহাগড়া উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আটটি ঘেরের মাছই মরেছে। জেলায় খায়রুজ্জামানের ঘেরই সবচেয়ে বড়। কুমড়ি এলাকা থেকে প্রতিবছর প্রায় ২০ কোটি টাকার চিংড়ি বিদেশে রপ্তানি করা হয়।
অভিযোগ অস্বীকার করে লতিফুর রহমান গতকাল বলেন, ‘আমি ও আমার লোকজনের বিরুদ্ধে ঘেরে বিষ দেওয়ার অভিযোগ হাস্যকর।’
এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, কে বা কারা বিষ দিয়েছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে।