ঘেরে বিষ প্রয়োগ, মরে গেছে ৭ লাখ টাকার চিংড়ি
যশোরের অভয়নগর উপজেলার বিল কেদারিয়ার আকবর হোসেনের চিংড়িঘেরে গত মঙ্গলবার রাতে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকা মূল্যের ১০ হাজার মাছ মরে গেছে বলে ঘেরমালিক জানিয়েছেন।
ঘেরমালিক উপজেলার দিঘলিয়া গ্রামের আকবর হোসেন জানান, তিন বছর ধরে বিল কেদারিয়ায় ২২ বিঘা জমিতে ঘের করে তিনি চিংড়ি মাছের চাষ করে আসছেন। মঙ্গলবার রাতে তাঁর চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়। গতকাল বুধবার সকালে তিনি ঘেরে গিয়ে সব মাছ মরে ভেসে থাকতে দেখেন। বিষে তাঁর সাত লাখ টাকার ১০ হাজারটি চিংড়ি মাছ মরে গেছে। ঘেরে জাল টেনে দুটি বিষের বোতল উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, গত বছর পাশের ঘেরের মালিক একই গ্রামের সঞ্জিত রায় ও তাঁর ছেলে পিন্টু রায় ঘের থেকে মাছ চুরি করার সময় ধরা পড়ে। গ্রাম্য সালিসে তাঁদের ১০ হাজার টাকা জরিমানা কর হয়। সম্প্রতি ঘেরের পানিনিষ্কাশন নিয়ে তাঁদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়।’
আকবর হেসেন বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে সঞ্জিত রায় ও তাঁর ছেলে ঘেরে বিষ প্রয়োগ করেছে বলে আমি প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত করে আরও নিশ্চিত হওয়ার পর আমি তাঁদের বিরুদ্ধে মামলা করব।’