ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শামীম হোসেন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শামীম হোসেন চৌধুরী উপজলা বিএনপির সভাপতি এবং আলমগীর হোসেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

গতকাল সোমবার জানতে চাওয়া হলে শামীম হোসেন চৌধুরী ও আলমগীর হোসেন তাঁদের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, বরখাস্ত আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে রিট করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, শামীম হোসেন চৌধুরীর বিরুদ্ধে সরকারবিরোধী নাশকতা ঘটনার একটি মামলা ও ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেনের বিরুদ্ধে নাশকতার সাতটি মামলা চলমান আছে। মামলাগুলো পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। আদালত অভিযোগপত্রগুলো আমলে নিয়ে বিচারকাজ শুরু করেছেন। এ কারণে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রশাসক মীর খাইরুল আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ-সংবলিত চিঠি তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।