ঘোড়াঘাটে স্ত্রীকে হত্যার অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত বৃহস্পতিবার রুবেল মিয়ার (২৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী নাজমা আখতারকে (২২) হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রুবেল মিয়াসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
নাজমা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলিপাড়া গ্রামের নজমল হোসেনের মেয়ে। তিনি বলেন, এক বছর আগে ঘোড়াঘাটের বুলাকিপুর ইউনিয়নের বলগাড়ি গ্রামের রুবেলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় তিনি মেয়ের সুখের কথা চিন্তা করে রুবেলকে ৫০ হাজার টাকা এবং দুটি গরু কিনে দেন। কিন্তু বিয়ের ছয় মাস পর আরও যৌতুকের জন্য নাজমাকে তাঁর স্বামী ও শ্বশুর নির্যাতন শুরু করেন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে নাজমা তাঁর (নজমল) বাড়িতে চলে আসেন। গত রোববার তাঁর বাড়িতে এসে বেয়াই আবদুর রহিম দুঃখ প্রকাশ করে নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে নাজমাকে বাড়ি নিয়ে যান। একদিন পর গত সোমবার রহিম বাড়ির পাশে জায়গা কেনার জন্য তাঁর কাছে ২০ হাজার টাকা দাবি করেন। তিনি (নজমল) টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। গত বুধবার তিনি বাড়ির পাশের মেলা থেকে নাজমার জন্য পাঁচ কেজি মিষ্টি কিনে বেয়াইয়ের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন নাজমা কান্নাকাটি করছেন। কারণ জানতে চাইলে নাজমা তাঁর বাবাকে জানান, ২০ হাজার টাকা না দেওয়ায় রুবেল ও রহিম তাঁকে মারধর করেছেন। তিনি মেয়েকে সান্ত্বনা দিয়ে চলে আসেন। পরে গতকাল সকালে মুঠোফোনে প্রতিবেশীর কাছ থেকে তিনি তাঁর মেয়ে হত্যার খবর পান।
ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, লাশের গলায় নখের জখম ছিল। নাজমাকে গলা টিপেই হত্যা করা হয়েছে বলে তাঁর ধারণা।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে গতকাল দুপুরে ওই গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে রুবেল এবং নিজ বাড়ি থেকে রহিম ও তাঁর (রহিম) স্ত্রী নার্গিস বেগমকে আটক করা হয়। রুবেল পুলিশের কাছে নাজমাকে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।