ঘোড়াউত্রা নদীতে নৌযানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে গত রোববার বিকেলে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যায়।

নৌকার মাঝি সাদ্দাম হোসেন জানান, একদিন পর পর তাঁর নৌকায় করে নিকলীর দামপাড়া বাজারের তাউসিফ বেকারির মালামাল নিয়ে বেকারির লোকজন ছাতিরচর বাজারে বিক্রি করতে যান। ফিরে আসার সময় ছাতিরচর থেকে তিনি নিকলীর কিছু যাত্রী নিয়ে আসেন। রোববার বিকেলে বেকারির মাল বিক্রি করে ১০-১২ জন যাত্রী নিয়ে তিনি ফিরছিলেন। পথে ঘোড়াউত্রা নদীর ছাতিরচর-নিকলীর মাঝামাঝি এলাকায় স্পিডবোট নিয়ে ওত পেতে থাকা ছয়জনের একদল ডাকাত নৌকার গতিরোধ করে। পরে তারা অস্ত্রের মুখে নৌকায় থাকা যাত্রীদের জিম্মি করে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে স্পিডবোটে পালিয়ে যায়।

ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হানিফ মিয়া জানান, এই প্রথম নিকলীর নদীতে স্পিডবোট নিয়ে ডাকাতির ঘটনা ঘটল।

এ ব্যাপারে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, ‘অনেক চেষ্টা করছি থানায় একটি মামলা দেওয়ার জন্য। কিন্তু কেউ মামলা দিচ্ছে না। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যদি মামলা না দেয় তাহলে কী করব?’