ঘোড়াঘাট থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট থেকে গত শুক্রবার রাতে সাদাপোশাকধারী ব্যক্তিরা শাহিনুর আলম (৩০) নামের এক ব্যক্তিকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে গেছে।
শাহিনুর আলম উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আবদুল কাহারের একমাত্র ছেলে।
তবে র্যা ব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা-পুলিশ শুক্রবার রাতে কাউকে তুলে নিয়ে যায়নি বলে প্রথম আলোকে জানিয়েছে।
শাহিনুর আলমের ফুপাতো ভাই ইসমাইল হোসেন বলেন, শাহিনুর আলম ঘোড়াশালে আরএফএল কোম্পানিতে চাকরি করেন। কয়েক দিন আগে ছুটিতে আসেন। শুক্রবার রাতে শ্যামলী এন্টারপ্রাইজের নৈশকোচে ঘোড়াশালে যাওয়ার জন্য তিনি কাউন্টারে যান।
প্রত্যক্ষদর্শী শাহিনুরের ভগ্নিপতি আবদুস সবুর প্রথম আলোকে বলেন, তিনিসহ শাহিনুর আলম রাতে রানীগঞ্জ বাজারে চা খেয়ে বাস কাউন্টারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিরামপুরের দিক থেকে একটি সাদা রঙের বড় মাইক্রোবাস তাঁদের সামনে এসে দাঁড়ায়। সাদাপোশাকের দুজন ব্যক্তি দ্রুত নেমে এসে তাঁকে ধাক্কা দিয়ে শাহিনুরকে জাপটে ধরে মাইক্রোবাসে তুলে বিরামপুরের দিকে চলে যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। দিনাজপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ বলেন, দিনাজপুরের ডিবি পুলিশ কাউকে উঠিয়ে নিয়ে যায়নি। র্যা ব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাকিব বলেন, শাহিনুরের পরিবার থেকে ঘটনাটি র্যা বকে জানানো হয়েছে। তাদের একটি টহল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে র্যা ব গতকাল রাতে ঘোড়াঘাট থেকে কাউকে উঠিয়ে নিয়ে যায়নি।