ঘোড়াঘাটে একজন গ্রেপ্তার অভিযুক্তের বাড়ি ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত শুক্রবার এক শিশুকে (৬) ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ গ্রামবাসী গত শনিবার অভিযুক্ত ব্যক্তির বাড়ি ভাঙচুর করেছেন।
ওই শিশুর মা ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দিন (শুক্রবার) বিকেলে বাড়িতে স্ত্রী না থাকায় পৌর এলাকার ওই ব্যক্তি অন্য এক শিশুকে (৮) দিয়ে কৌশলে ওই শিশুকে তাঁর বাড়িতে নিয়ে যান। শিশুকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই ব্যক্তি ওই শিশুকে (৮) বাড়ি থেকে চলে যেতে বলেন। ওই শিশু বাড়ি ছেড়ে যেতে না চাইলে ওই ব্যক্তি তাকে দুটি চড় মেরে বের করে দেন। শিশুটি বাড়ি থেকে বের হয়ে পাশেই এক জায়গায় লুকিয়ে থাকে। এ সময় ওই ব্যক্তি শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশে লুকিয়ে থাকা শিশুটিও চিৎকার শুরু করে। তাদের চিকিৎসার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। অবস্থা বেগতিক দেখে ওই ব্যক্তি পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন ওই শিশুকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে খোঁজাখুঁজি করতে থাকেন। তাঁকে কোথাও না পেয়ে উত্তেজিত গ্রামবাসী গত শনিবার তাঁর বাড়িঘর ভাঙচুর করেন।
এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গত শনিবার সকালে ওই শিশুর মা থানায় ওই ব্যক্তিকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। প্রাথমিকভাবে ওই শিশুকে ধর্ষণচেষ্টার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।