ঘোড়াঘাটে ডাকাতি করে পালানোর সময় আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার খাঁ পুকুর এলাকায় গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ডাকাতি করে পালানোর সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বগুড়ার কাহালু উপজেলার মালাগ্রামের মজনু প্রামাণিক (৩৩), শাহজাহানপুরের চকলোকমান গ্রামের আজিজার রহমান (৩৫) ও পিকআপের চালক মালাগ্রামের শুভ ইসলাম (৩৪)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৪-১৫ জনের একদল ডাকাত বুধবার রাত একটার দিকে পিকআপ ভ্যান নিয়ে ঘোড়াঘাট-হিলি সড়কে খাঁ পুকুর এলাকায় রাস্তায় গাছ ফেলে ডাকাতি শুরু করে। ডাকাতেরা পালশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মশিউল রহমানকে বেঁধে রেখে তাঁর মোটরসাইকেলটি নিয়ে নেয়। এরপর সেখানে একই উপজেলার পাইকপাড়া মাঝিয়ান গ্রামের মির শহীদ রোগী নিয়ে মাইক্রোযোগে দিনাজপুর যাওয়ার পথে ওই ডাকাতের কবলে পড়েন। ডাকাতেরা তাঁদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও ৩০ হাজার টাকা কেড়ে নেয়।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ডাকাতেরা ডাকাতি শেষে যাওয়ার সময় ভাতসালা গ্রামে পুলিশের সামনে পড়ে। এ সময় ডাকাতেরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ওই তিনজনকে আটক ও পিকআপটি জব্দ করে।