চক পাউডার-হলুদের গুঁড়া দিয়ে প্রসাধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটা, চক পাউডার, হলুদের গুঁড়া দিয়ে তৈরি হতো নকল প্রসাধনী। মোড়ক হিসেবে নামীদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করা হতো। পরীক্ষা না করিয়েই ক্রিম, বেবি ওয়েল, ভেসলিন, ফেসওয়াশের মতো নানা ধরনের প্রসাধনী তৈরি করত শাহীন কসমেটিকস নামের একটি প্রতিষ্ঠান।
বিএসটিআইর অনুমোদন না নিয়ে এসব নকল প্রসাধন বিক্রির দায়ে শাহীন কসমেটিকসের মালিক শাহীন আহমেদকে তিন লাখ টাকা জরিমানা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৫ (এপিবিএন) ও ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেলা ১১টায় পুরান ঢাকার চক বাজার এলাকায় শাহীন কসমেটিকসের কারখানায় অভিযান চালায়।
এপিবিএন-৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম বলেন, শাহীন কসমেটিকস দীর্ঘদিন থেকে নামীদামি কোম্পানির প্রসাধনসামগ্রী নকল করে ল্যাব টেস্ট ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে ভেজাল ও বিষাক্ত উপাদান দিয়ে তৈরি বিপুল পরিমাণ নকল ফেয়ার অ্যান্ড লাভলি, কিউটের ক্রিম, বেবি ওয়েল, ভেসলিন, মেহেদি, হেয়ার ওয়েল, ফেসওয়াশ, টোনার, চুলের তেল জব্দ করা হয়। অভিযানে নামকরা কোম্পানির বিপুল পরিমাণ খালি মোড়কও জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।