চকবাজারে গাড়ি, দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাটারিচালিত রিকশা টমটম চালানোর পক্ষের কিছু লোক গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজারের ডিসি রোড এলাকায় কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা সাতটার দিকে ৪০-৪৫ জন যুবক আচমকা ডিসি রোড এলাকায় কয়েকটি গাড়ি ও দোকান ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম নগরে টমটম নিষিদ্ধ হলেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে ডিসি রোড থেকে আন্দরকিল্লা পর্যন্ত টমটম চালানো হচ্ছিল। বেপরোয়াভাবে টমটম চালানোর কারণে ওই সড়কে অনেক দুর্ঘটনা ঘটে। এতে অনেকে আহত হয়। এ জন্য স্থানীয় লোকজন টমটম বন্ধ করে দেওয়ার দাবি জানায়। একপর্যায়ে পুলিশ টমটম চালানো বন্ধ করে দেয়। পাঁচ দিন আগে আবারও টমটম চালানো
শুরু হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে টমটম চালানোর পক্ষের লোকজনের বিরোধ দেখা দেয়।এর জের
ধরে গতকালের এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ফয়সাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘৪০-৪৫ জন সন্ত্রাসী আচমকা এসে দু-তিনটি গাড়ি ও রাস্তার পাশের কয়েকটি দোকান ভাঙচুর করে। হামলাকারীরা ছাত্রলীগের সাবেক নেতা নুরুল মোস্তফার অনুসারী। টমটম চালু রাখার জন্য এ হামলা হয়েছে।’

তবে অভিযোগ অস্বীকার করে চকবাজার থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল মোস্তফা বলেন, ‘ডিসি রোড এলাকায় সন্ত্রাসী ঘটনা ঘটলে আমাকে দায়ী করা হয়। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে দোকানপাট ও গাড়ি ভাঙচুর করেছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ‘ডিসি রোডের ঘটনায় শহীদুল ইসলাম নামের সন্দেহভাজন একজনকে আমরা আটক করেছি।’