চকবাজারে গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্জু (২৭) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। নিহত মঞ্জুর পুরো পরিচয় বা হত্যার কারণ রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু জানা যায়নি।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মুরাদুল ইসলাম বলেন, ইসলামবাগ ক্লাব ঘাটসংলগ্ন বাগানবাড়ি এলাকায় মঞ্জুকে গুলি করা হয় বলে প্রাথমিকভাবে তাঁরা জানতে পেরেছেন। তাঁকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে তাঁকে নিয়ে আসা লোকজন জোর করে লাশ নিয়ে যান। তিনি বলেন, নিহত মঞ্জু ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন বলে তাঁরা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তাঁর লাশের সন্ধান করা হচ্ছে।

মিটফোর্ড হাসপাতাল সূত্র বলেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মঞ্জুকে হাসপাতালে আনা হয়। তাঁকে নিয়ে আসা লোকজন চিকিৎসককে জানান, সড়ক দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁর শরীরে গুলির চিহ্ন পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে তাঁর লাশ কৌশলে বের করে নিয়ে যান।