চকবাজারে দুজনকে কুপিয়ে হত্যা
পারিবারিক কলহের জের ধরে রাজধানীর চকবাজার থানা এলাকার ইসলামবাগে বাসায় ঢুকে এক ব্যক্তি শাশুড়ি ও স্ত্রীর বোনের মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আহত হয়েছেন স্ত্রীর আরেক বোন। আজ সোমবার বেলা তিনটায় ইসলামবাগের ছাপা মসজিদ রোডে এসহাক মিয়ার বাসার চারতলায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা ওই বাসায় ভাড়া থাকতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বাড়িতে ঢুকে তাঁর শাশুড়ি বেগম (৬০), স্ত্রীর বোনের মেয়ে বর্ণা (২২) ও স্ত্রীর অন্য বোন সীমাকে (৩০) কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই শাশুড়ি মারা যান। বর্ণাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আধঘণ্টা পর মারা যান। সীমা গুরুতর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ বলেন, পারিবারিক কলহের জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, নিহত বেগমের এক মেয়ের জামাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানা গেছে।