চকবাজারে ১০ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর চকবাজারের একটি ওষুধের দোকান থেকে ১০ লাখ টাকার সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
চকবাজার অঞ্চলের সহকারী কমিশনার কানিজ ফাতেমা প্রথম আলোকে বলেন, শনিবার সন্ধ্যায় চকবাজারের মা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ২৩ ধরনের ওষুধ পাওয়া যায়। এ ওষুধ বিনা মূল্যে রোগীদের মধ্যে বিতরণ করার কথা।
ঘটনাস্থল থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নজরুল ইসলাম ওই দোকানের মালিক। কানিজ ফাতেমা আরও জানান, তাঁদের এক সহকর্মী দোকানে ওষুধ কিনতে গিয়ে মা ফার্মেসিতে বিপুল পরিমাণ সরকারি ওষুধ দেখেন। এরপরই চকবাজারের পুলিশ অভিযান পরিচালনা করে।