চকবাজারে 'মারধরের শিকার' শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার চকবাজারে ‘মারধরের শিকার’ আকসারা (৭) নামের এক শিশু মারা গেছে। শিশুটির মায়ের অভিযোগ, বাড়ি নিয়ে বিরোধের জের ধরে তাঁর সন্তানকে মারধর করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার শিশুটির মৃত্যু হয়।
আকসারার মা পারভীন বেগম বলেন, চকবাজারের কাজী রিয়াজ উদ্দিন রোডে তাঁদের পৈতৃক একটি বাড়ি আছে। ওই বাড়িতে তাঁর দুই ভাই নুর হোসেন ও আহমেদ হোসেন থাকেন। তিনি দুই মেয়েকে নিয়ে একই রোডের অন্য একটি বাসায় ভাড়া থাকেন। পৈতৃক বাড়ির অংশ নিয়ে তাঁর সঙ্গে দুই ভাইয়ের দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব চলছে। ১৪ মে বিকেলে আকসারা তার মামার বাড়িতে যায়। সেখানে তাকে মারধর করা হয়। এতে সে মাথায় আঘাত পায়। আহত অবস্থায় সেদিন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ব্যবস্থাপত্র লিখে দেন। পরে আকসারাকে বাসায় নিয়ে যাওয়া হয়। গত সোমবার আকসারা আবার অসুস্থ হয়ে পড়লে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়।
আকসারা স্থানীয় একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম বলেন, শিশুটির লাশের ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, শিশুকে তার মামা-মামি হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।