চকরিয়া উপকূলের 'ত্রাস' জাহাঙ্গীর গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় চিংড়িজোনের ‘ত্রাস’ জাহাঙ্গীর আলমকে (৩২) আজ মঙ্গলবার আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সে এখন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ সূত্র জানায়, জাহাঙ্গীর ও তাঁর সহযোগীরা চাঁদার জন্য বিকেলের দিকে চিংড়িঘেরে যায়। এ সময় স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে তাকে আটক করলে অন্যরা পালিয়ে যায়। পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
জাহাঙ্গীর চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনার নুরুল কবিরের ছেলে।
রামপুর মৌজার চিংড়িঘেরের মালিকদের ভাষ্য, প্রতি মৌসুমের শুরুতেই ‘জাহাঙ্গীর বাহিনী’কে তাঁদের চাঁদা দিতে হয়। চলতি মৌসুমের শুরুতে এ বাহিনী চিংড়িঘেরে ব্যাপক লুটপাট চালায়। চাঁদার জন্য আজ আসার পর এলাকাবাসী আর চিংড়িঘেরের কর্মচারীরা তাকে আটক করে গণধোলাই দেয়।
স্থানীয় লোকজনের ভাষ্য, উপজেলা যুবলীগের এক নেতার আশ্রয়-প্রশ্রয়ে রামপুর মৌজার চিংড়িজোন নিয়ন্ত্রণ করে জাহাঙ্গীর। এর আগে একাধিক ডাকাত গ্রুপ চিংড়িজোন নিয়ন্ত্রণ করলেও আতাউল্লাহ বাহিনীর প্রধান আতাউল্লাহ নিহত হওয়ার পর এবং এক সহযোগীসহ লেদু বাহিনীর প্রধান লেদু গ্রেপ্তার হয়ে গেলে পুরো চিংড়িজোনের নিয়ন্ত্রণ নেয় জাহাঙ্গীর। তার নিজের নামে গড়ে তোলে ‘জাহাঙ্গীর বাহিনী’। আতাউল্লাহ হত্যা মামলার অন্যতম আসামিও সে।
পুলিশের একটি সূত্র জানায়, চিংড়িজোন দুর্গম এলাকায় অবস্থিত। ওই এলাকার প্রায় সব অপরাধ কর্মকাণ্ডই জাহাঙ্গীর নিয়ন্ত্রণ করত। এর আগে একাধিকবার অভিযান চালিয়েও জাহাঙ্গীরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, স্থানীয় জনতা জাহাঙ্গীর আলমকে আটক করে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে চারটি মামলার ফেরারি আসামি। এ ছাড়া তার বিরুদ্ধে দুটি ডাকাতি ও মারামারির মামলাও পাওয়া গেছে।
আরও পড়ুন,
দুই ডাকাতের চোখ নষ্ট করেছে প্রতিপক্ষ