চকরিয়ায় অস্ত্রসহ আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে এক আসামি ও উদ্ধার করা দুটি অস্ত্র ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে দিয়ারচর গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। এ সময় বাড়ি থেকে দেশে তৈরি একটি বন্দুক ও রাইফেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাঁর ভাই জামাল উদ্দিন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। এ সময় জসিমের সহযোগীরা জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। তাঁর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।
এসআই শাহাদাত হোসেন বলেন, সন্ত্রাসীরা চারদিক থেকে ঘিরে পুলিশকে লাঠি দিয়ে পেটাতে থাকে। কেউ কেউ অস্ত্র তাক করে রাখে। একপর্যায়ে আসামিকে ছেড়ে দিতে হয়। হামলায় পুলিশের চার সদস্যসহ ছয়জন আহত হয়েছেন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় অস্ত্র আইনে জসিম উদ্দিন ও পুলিশের ওপর হামলার ঘটনায় জসিম, জামালসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।