চকরিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় আজিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গার মামা-ভাগিনার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আজিজুর রহমানের বাড়ি নামার চিরিঙ্গা এলাকায়। এ ঘটনায় তাঁর দুই ভাই আহত হন। তাঁরা হলেন মকসুদ আহমদ (৪০) ও মোক্তার আহমদ (৪৫)। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, আজিজুর রহমান ও তাঁর সৎ ভাই মৃত ছৈয়দ আহমদের ছেলে এমরান সিকদারের মধ্যে জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তিন-চারবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ওই বিরোধের জের ধরে গতকাল আজিজুরের ভাই আনোয়ার হোসেনের পথরোধ করেন এমরান সিকদার। খবর পেয়ে আজিজুর তাঁর ভাই মকসুদ আহমদ ও মোক্তার আহমদকে নিয়ে ঘটনাস্থলে যান। ওই সময় এমরান সিকদারের মা-বোন ও ভাইয়েরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজিজুর ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া মকসুদ এবং মোক্তারও কিরিচের আঘাতে গুরুতর আহত হন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এমরান সিকদারের বোন সালমা আকতারকে (৩২) গ্রেপ্তার করেছে। তিনি জানান, সাতটি রক্তমাখা কিরিচ ও ছোরা উদ্ধার করা হয়েছে।