চকরিয়ায় গাছ চোরের হামলায় আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের কুনাপাড়া গ্রামে গত শুক্রবার রাতে গাছচোরদের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন মেধাকচ্ছপিয়া বন সংরক্ষণ ক্লাবের সভাপতি আবু তাহের (৩৫) ও সদস্য মো. ওসমান (৩২)। তাঁরা খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার বাসিন্দা। বনকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
আবু তাহের ও মো. ওসমান জানান, সন্ধ্যায় তাঁরা মুঠোফোনে খবর পান কুনাপাড়া গ্রামে জাতীয় উদ্যান থেকে মা-গর্জনগাছ কাটা হচ্ছে। পরে বন সংরক্ষণ ক্লাবের আটজন সদস্য নিয়ে তাঁরা সেখানে গেলে ১২ থেকে ১৪ জন গাছচোর তাঁদের ওপর হামলা চালায়। চোরেরা তাঁদের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় সবাই কমবেশি আহত হন।
মেধাকচ্ছপিয়া বন কর্মকর্তা আবু ছৈয়দ জাকারিয়া বলেন, গাছ কাটার খবর দিয়ে দুর্বৃত্তরা বন সংরক্ষণ ক্লাবের আটজন সদস্যকে কুনাপাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। আবু তাহের ও ওসমান কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, লিখিত অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।