চকরিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকার উত্তরপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বুলু আকতার (৩০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বামী মকছুদ আহমদ তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন মকছুদকে ধরে পুলিশে সোপর্দ করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে মকছুদ আহমদ দা নিয়ে বাড়ির উঠানে স্ত্রী বুলুর সঙ্গে লাকড়ি কাটছিলেন। একপর্যায়ে মকছুদ স্ত্রীর পেছনে গিয়ে দা দিয়ে তাঁর মাথা ও ঘাড়ে চারটি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বুলুর মৃত্যু হয়।
মকছুদের ছোট ভাইয়ের স্ত্রী আজিমুন্নাহার (২৮) বলেন, বুলুকে কোপ মারতে দেখে তিনি এগিয়ে যান। ওই সময় তাঁর ঘাড়েও কোপ মারেন মকছুদ। এতে তিনি আহত হন।
আজিমুন্নাহারকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুলু আকতারের বড় ভাই নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘মকছুদ মাঝেমধ্যে ভারসাম্য হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়েই হয়তো তিনি বুলুকে কুপিয়ে হত্যা করেছেন।’
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের বলেন, বুলু আকতারের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের দুটি করে আঘাতের চিহ্ন আছে। প্রতিটি আঘাত এক থেকে দেড় ইঞ্চি গভীর। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর দিয়ে বলেন, মকছুদ মানসিক ভারসাম্যহীন। মানসিক অবস্থা পরীক্ষার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য বুলু আকতারের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।