চকরিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে গত শুক্রবার চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ছাত্রীটির বাবা প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে তিনি মসজিদে নামাজ পড়তে যান। ওই সময় তাঁর স্ত্রীও বাড়ি ছিলেন না। ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে একই গ্রামের আবদুর রহমান (৪০) তাঁর শিশুকন্যাকে ধর্ষণ করেন। তাঁর মেয়ের কান্না শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আবদুর রহমানকে ধরে ফেলে। পরে তাঁর (আবদুর রহমান) দুই নিকটাত্মীয় এসে তাঁকে ছাড়িয়ে নিয়ে যান।
ছাত্রীটির বাবা বলেন, শুক্রবার রাতে তাঁর মেয়ে ব্যথায় কান্নাকাটি করলে তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল শনিবার তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসির দাবি, শিশুটিকে ধর্ষণ করা হয়নি, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি জানান, শিশুটির গালে ও বুকে আঘাতের চিহ্ন আছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের জানান, শিশুটিকে কক্সবাজারে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না।