চকরিয়ায় তিন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা
কক্সবাজারের চকরিয়া থানায় গতকাল বুধবার দুপুরে তিনজন মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক মো. রফিকুল হাসান বাদী হয়ে ওই মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুরের শফি উল্লাহ (৫৪), কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারার মো. শাহাদাত (২৪) ও টেকনাফের লেদা ক্যাম্পের নুরু মাঝি (৫০)।
জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকা থেকে মালয়েশিয়াগামী ছয়জন যুবককে উদ্ধার করে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের ভাঙ্গারমুখ এলাকায় এনে জড়ো করে দালাল চক্র। সেখান থেকে তিশা পরিবহনযোগে টেকনাফ যাওয়ার উদ্দেশে গাড়িতে উঠলে পুলিশ তাঁদের আটক করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, তিনজন দালাল দেড় থেকে দুই লাখ টাকা নিয়ে ছয়জন যুবককে মালয়েশিয়া পাচারের জন্য ভাঙ্গারমুখ এলাকায় জড়ো করে। সেখানে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করে।
প্রভাষ চন্দ্র ধর আরও বলেন, উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, তিনজন মানব পাচারকারী পরস্পর যোগসাজশে তাঁদের মালয়েশিয়া নিয়ে যাচ্ছিল। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে।