মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী স্টেশন এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে দুই ব্যক্তিকে ধরে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আটক ব্যক্তিরা হলেন বরইতলী ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মহিবুল্লাহ ওরফে নেজাম (২৫) ও মিয়ানমারের নাগরিক মো. শফিক (২৮)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, আটক দুজনের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করা হবে।
বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাশেদা বেগম বলেন, মহিবুল্লাহ মিয়ানমারের নাগরিক মো. শফিকের মাধ্যমে চাকরির প্রলোভন দেখিয়ে তাঁর ছেলে মোহাম্মদ ইউছুফ (২৫) ও প্রতিবেশী মনজুর আলমকে (২৩) মালয়েশিয়ার উদ্দেশে ট্রলারে তুলে দেন। তাঁদের থাইল্যান্ডের কোনো এক জায়গায় আটকে রেখে দুই লাখ টাকা করে চার লাখ টাকা মুক্তিপণ আদায় করেন মহিবুল্লাহ ও শফিক। টাকা আদায়ের পর থেকে ইউছুফ ও মনজুরের সন্ধান পাওয়া যাচ্ছে না। এমনকি ওই দুই মানব পাচারকারীরও আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত আটটার দিকে বরইতলী স্টেশনে শফিক ও মহিবুল্লাহকে দেখতে পেয়ে তাঁদের খবর দেন স্থানীয় লোকজন। পরে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে মানব পাচারের অভিযোগে গতকাল পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের শরতঘোনা এলাকা থেকে মোহাম্মদ নুরুন্নবী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।