চকরিয়ায় দোকান কর্মচারীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজারে গতকাল শুক্রবার এক দোকান কর্মচারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত রিয়াজ উদ্দিন (১৫) বরইতলী ইউনিয়নের ফতেহ আলী সিকদারপাড়ার নুরুল কবিরের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রের ভাষ্যমতে, রিয়াজ উদ্দিন শান্তিবাজার এলাকার বাসিন্দা হাসান মওলার মুদির দোকানে কাজ করত। প্রতিদিনের মতো গতকাল সকাল ছয়টার দিকে সে দোকান খুলে। এরপর দোকানের মালিক হাসান মওলা দোকানে আসেন। এ সময় তিনি দোকান থেকে ১১ হাজার টাকা চুরির অভিযোগে রিয়াজের পেটে লাথি মারেন। এরপর রিয়াজ বমি করতে থাকে। একপর্যায়ে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে উদ্ধার করে চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
রিয়াজ উদ্দিনের চাচাতো ভাই মো. আলমগীর ও আরিফুল ইসলাম বলেন, টাকা চুরির অভিযোগ তুলে হাসান মওলা রিয়াজকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে তিনি (হাসান মওলা) তার মুখে বিষ ঢেলে দেওয়ার চেষ্টা করেন।
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল কবির প্রথম আলোকে বলেন, এর আগেও টাকা চুরির অভিযোগে রিয়াজকে মারধর করেছিলেন দোকান মালিক। এবারও টাকা চুরির অভিযোগে তাকে মারধর করা হয়।
হারবাং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সরকার বলেন, রিয়াজের বাঁ-হাতের দুটি আঙুলে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
গতকাল বিকেলে শান্তিবাজার এলাকায় হাসান মওলার বাড়ির দরজায় তালা ঝুলতে দেখা যায়। হাসান মওলা ও তাঁর বাবা আবদুস সালামের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, রিয়াজ মারা যাওয়ার পরপরই হাসান মওলার পরিবারের সদস্যরা ঘর ছেড়ে পালিয়ে গেছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।