চকরিয়ায় বাসে হামলা, আহত ৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর এলাকায় আজ শনিবার রাত আটটার দিকে সৌদিয়া পরিবহনের একটি বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন, কক্সবাজার পৌর শহরের বাহারছড়া এলাকার সমীর চন্দ্র দাশ (৩৫), সানাউল্লাহ (৪৮), মনজুর আলম (৩০), সাতকানিয়া উপজেলার কেরানি হাট এলাকার সাব্বির আহমদ (২৬) ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার আইনজীবী আকতার হোসেন (৪০)। তাঁদের মধ্যে সানাউল্লাহকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাহ্য পদার্থ ভর্তি একটি বোতলের মাধ্যমে এ হামলা চালানো হয়। তবে বোতলে পেট্রল না কেরোসিন ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
সৌদিয়া পরিবহনের কক্সবাজারের কর্মকর্তা নিরূপম পাল জানান, কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। বাসটি চকরিয়া উপজেলার নলবিলা বন বিভাগ চেকপোস্টসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে এসে কয়েকজন দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে একটি বোতল নিক্ষেপ করে। এ সময় চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের বেশ কয়েকটি গ্লাসও ভেঙে যায়। এ ঘটনায় ওই পাঁচজন আহত হন।
এ ঘটনায় আহত আকতার হোসেন বলেন, বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসযোগে কয়েকজন দুর্বৃত্ত গাড়িতে একটি বোতল ছুড়ে মারে। এতে গাড়ির ভেতরে ধোঁয়ার সৃষ্টি হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ছাবের জানান, এ ঘটনায় সানাউল্লাহ গুরুতর আহত হয়েছেন। তাঁর বাম হাতের কনুই ও মাথার ওপরের অংশে আগুনের আঁচ লেগেছে। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বাস থেকে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। তাঁদের এ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বাসে বোতল ছুড়ে মেরেছে। সেখানে কোনো পেট্রল ছিল না।