চকরিয়ায় মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় গতকাল বুধবার একটি মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের মারধর করেছে দুর্বৃত্তরা। এতে ১৩ জন শিক্ষার্থী কম-বেশি আহত হয়েছেন।
আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, স্থানীয় এক ব্যক্তি মাদ্রাসার অ্যাডহক কমিটির সদস্য হতে চেয়েও পারেননি। ওই ব্যক্তির ধারণা, অধ্যক্ষের কারণে তিনি সদস্য হতে পারেননি। এ ঘটনার জের ধরে কিছুসংখ্যক
দুর্বৃত্ত গত ১৭ অক্টোবর মাদ্রাসার অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর থেকে অধ্যক্ষ নিরাপত্তাহীনতার কারণে মাদ্রাসায় যাচ্ছিলেন না।
শিক্ষার্থীরা বলেন, গতকাল সকালে শিক্ষার্থীদের সহায়তায় অধ্যক্ষ মাদ্রাসায় আসেন। এই খবর পেয়ে ২০-৩০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসায় এসে হাজির হয়। যেসব শিক্ষার্থী অধ্যক্ষকে মাদ্রাসায় আসতে সহায়তা করেছেন, দুর্বৃত্তরা তাঁদের খুঁজতে থাকে। এ সময় দুর্বৃত্তরা দুই শিক্ষার্থীকে মারধর করে। একপর্যায়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে দুর্বৃত্তদের ধাওয়া করে। পরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তদের লাঠিসোঁটার আঘাতে ১৩ জন শিক্ষার্থী কম-বেশি আহত হন।
আহত শিক্ষার্থীরা হলেন দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ ইসমাইল; আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম, রায়হান উদ্দিন, খাদিজা জান্নাত, মোশারফ জান্নাত, উম্মে হাবিবা, আসমাউল হুসনা ও রিফা মনি; নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ নোমান ও উম্মে হাফসা; ফাজিল তৃতীয় বর্ষের ছাত্র মোহাম্মদ রিফাত ও কুতুব উদ্দিন এবং ফাজিল প্রথম বর্ষের ছাত্র শহিদুল ইসলাম। তাঁদের মধ্যে আটজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘আমার মাদ্রাসায় আসার খবর পেয়ে দুর্বৃত্তরা হামলা করতে আসে। শিক্ষার্থীরা বাধা দেওয়ায় তাদের মারধর করেছে দুর্বৃত্তরা।’
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন, এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।