কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাবার বাড়ি থেকে গতকাল রোববার ভোরে আসমাউল হুসনা (২০) নামের এক নারী ও তাঁর মেয়ে আয়েশা আলীর (৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বজনেরা জানান, গত শনিবার রাতের কোনো এক সময় মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেন।
আসমাউল হুসনার শ্বশুরবাড়ি কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের পোকখালী গ্রামে। তাঁর স্বামী শওকত আলী সৌদিপ্রবাসী। আয়েশা তাঁদের একমাত্র সন্তান।
আসমাউল হুসনার মা ছফুরা বেগম বলেন, শ্বশুরবাড়ির লোকজন অপবাদ দেয়, হুসনার সঙ্গে এক যুবকের পরকীয়ার সম্পর্ক আছে। হুসনার শ্বশুরবাড়ির লোকজন তাঁকে (ছফুরা বেগম) ডেকে মেয়েকে তাঁর সঙ্গে দিয়ে দেন। এতে খুব অপমানবোধ করেন হুসনা।
ছফুরা বেগম বলেন, হুসনা তাঁর কাছে দাবি করেছেন, তিনি কোনো ধরনের পরকীয়ার সঙ্গে জড়িত নন। শনিবার রাতে হুসনা মুঠোফোনে সৌদিপ্রবাসী স্বামীর সঙ্গে কথাও বলেছেন। কিন্তু রাতেই হুসনা গলায় ফাঁস লাগিয়ে মেয়ে আয়েশাকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, কক্সবাজার সদর হাসপাতালে লাশ দুটির ময়নাতদন্ত হয়েছে। তিনি জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বাদানুবাদের কারণে মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।