চকরিয়ায় মিরাজ হত্যার আসামি ধরছে না পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাত-আটজন যুবক ছোট ভাই মিরাজকে রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তিন দিন নিখোঁজ থাকার পর খালে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। লাশ উদ্ধারের পর মামলা নিতে গড়িমসি করে পুলিশ। অনেক চেষ্টা ও তদবির করে এক মাস পর হত্যা মামলা করা হয়। কিন্তু মামলা হলেও গত আড়াই মাসে একজন আসামিকেও ধরেনি পুলিশ।’
নিজের ভাইয়ের হত্যাকাণ্ডের ধরন ও পুলিশের অবহেলার এ কথার বর্ণনা দেন মামলার বাদী মো. মিজান।
কক্সবাজারের চকরিয়া পৌরসভার মৌলভীরকুম এলাকার নুনা খাল থেকে গত ৩ জুলাই রংমিস্ত্রি মো. মিরাজের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিরাজের বড় ভাই মো. মিজানুর রহমান গত ৫ আগস্ট বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার একজন আসামিকেও গত আড়াই মাসে ধরতে পারেনি পুলিশ।
পুলিশ জানিয়েছে, দুটি কারণে মিরাজকে হত্যা করা হতে পারে। একটি নারীঘটিত বিষয়, অন্যটি অস্ত্র ক্রয়ের পর কার কাছে জমা রাখবে, সে বিষয় নিয়ে দ্বন্দ্বের জের।
মামলার বাদী মো. মিজানুর রহমান বলেন, ‘মামলা দায়েরের পরও আসামিরা এলাকায় ছিল। পুলিশকে বারবার বলার পরও আসামি ধরেনি। এখন পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক মো. রফিকুল হাসান বলেন, ‘আসামি ধরছি না, এ কথা সত্য নয়। তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে কয়েকজন আসামি গার্মেন্টসে ও ইটভাটায় কাজ করছে বলে জানতে পেরেছি। আসামিদের ওপর তীক্ষ্ণ নজর রয়েছে, তাদের ধরারও চেষ্টা চলছে।’
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আসামিদের ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। শিগগিরই আসামিরা ধরা পড়বে।