চকরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের খুইন্যাভিটা গ্রামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে ওই যুবককে এলোপাতাড়ি কোপানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত দুইটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম মো. ইউনুছ (২৭)। তিনি খুইন্যাভিটা গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দারা একই গ্রামের জমির উদ্দিনকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে।
নিহত ইউনুছের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, শনিবার রাত আটটার দিকে টৈটং বাজার থেকে বাজার করে একই গ্রামের দলিলুর রহমানকে (৩০) সঙ্গে নিয়ে ইউনুছ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খুইন্যাভিটার জাফরের দোকানের পূর্ব পাশে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দলিলুরকে চলে যেতে বলে ইউনুছকে ধারালো দা দিয়ে কোপাতে থাকে। এতে ইউনুছ মাটিতে লুটিয়ে পড়েন। মারা গেছেন ভেবে দুর্বৃত্তরা তাঁকে ফেলে চলে যায়।
দলিলুরের কাছে ঘটনা শুনে স্থানীয় বাসিন্দারা ইউনুছকে উদ্ধার করে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে লোকজন ধাওয়া করে রাত ১১টার দিকে টৈটং ইউনিয়নের ঝোপখোলা নামক পাহাড়ি এলাকা থেকে জমির উদ্দিনকে আটক করে পুলিশে দেয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব বলেন, আটক জমির উদ্দিন পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুছকে কোপানোর ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।