চকরিয়ায় সড়ক বন্ধের খবরে বিক্ষোভ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার একটি সড়কে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়ায় গতকাল সোমবার সকালে বিক্ষোভ করেছে এলাকাবাসী। তাদের অভিযোগ, সেনাবাহিনী একটি সড়কে চলাচল বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছে। তবে বিষয়টি অস্বীকার করা হয়েছে।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রবেশমুখ ঘনশ্যাম বাজার এলাকায় গতকাল সকাল থেকে বিক্ষোভ করে কয়েক শ মানুষ। পরে বেলা ১১টার দিকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা বেলা ১১টার দিকে গিয়ে সড়কে চলাচল বন্ধ করা হবে না, এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা নুরুল কবির, আহমদ কবির, সাকের আহমদ ও হাবিবুর রহমান অভিযোগ করেন, চকরিয়া উপজেলা সদর চিরিঙ্গা বাসস্টেশন থেকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ঘনশ্যাম বাজার হয়ে আমানচর-তরছপাড়া এলাকায় চলাচলের একমাত্র মাধ্যম সড়কটি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে সেনাবাহিনী। তাঁদের অভিযোগ, কয়েক বছর আগে চকরিয়া পুরাতন বিমানবন্দর মাঠে সেনাবাহিনী ক্যাম্প করার পর প্রতিরক্ষা বিভাগের সম্পত্তি দাবি করে বিমানবন্দরের আশপাশের শতাধিক পরিবারের জায়গা কেড়ে নেওয়া হয়।
চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোছাইন বলেন, চিরিঙ্গা সদর থেকে পৌরসভার ঘনশ্যাম বাজার হয়ে এ সড়ক দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ ও কয়েক শ যানবাহন চলাচল করে। সেনাবাহিনী সড়কটি কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দিচ্ছে শুনে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করে।
চকরিয়া সেনাক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা চলাচলের সড়ক বন্ধ করছি না, ক্যাম্পের এরিয়াতে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছিল। ভুল বুঝে এলাকার লোকজন এসে প্রতিবাদ করেছে। তবে সেটি মিটমাট হয়ে গেছে।’