চকরিয়ায় ১২টি চিংড়ি ঘেরে লুটপাট, আহত ৪
কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় দুই রাতে ১২টি চিংড়ি ঘেরে হামলা ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় সন্ত্রাসীদের মারধরে আহত হয়েছেন ঘেরের চার কর্মচারী। ভুক্তভোগীদের দাবি, দুর্বৃত্তরা ঘেরগুলো থেকে চার লাখ টাকার চিংড়িসহ বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে গেছে।
আহত ব্যক্তিরা হলেন আবুল কালাম (৩৫), নুরুল আলম (৫০), হাসু মিয়া (৪২) ও মনজুর আলম (৫৮)। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
চিংড়ি ঘেরের মালিকেরা জানান, বুধবার ও মঙ্গলবার রাতে তিন দফায় অস্ত্রধারী দুর্বৃত্তরা চরণদ্বীপ এলাকার ১২টি চিংড়ি প্রকল্পে হানা দেয়। দুই রাতে আবু তালেব, ওয়াহেদ উদ্দিন, জসিম উদ্দিন, কাসেম আলী, সাজিদ উদ্দিন, আবদুল মালেক, আবদুল আজিজ, মোহাম্মদ এহেছান ও দিদারুল ইসলামের চিংড়ি ঘেরে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা।
চিংড়ি ঘেরের মালিক ওয়াহেদ উদ্দিন বলেন, বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁর চিংড়ি ঘেরে হানা দিয়ে কর্মচারী আবুল কালামকে মারধর করে। পরে চিংড়ি ঘের থেকে অন্তত ২০ হাজার টাকার মাছ লুটে নিয়ে যায়।
চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, গত দুই দিনে চরণদ্বীপ এলাকায় তাঁর চিংড়ি ঘেরসহ ১২টি চিংড়ি ঘেরে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা এসব চিংড়ি প্রকল্প থেকে কমপক্ষে চার লাখ টাকার মাছসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।