চকরিয়ার যুবলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার যুবলীগের নেতা হত্যা মামলার প্রধান আসামি শফিউল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, শফিউল আলম গতকাল সোমবার চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
গত বছরের ২৩ ডিসেম্বর মানিকপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আবু বক্করকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী সোনিয়া সোলতানা বাদী হয়ে ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, রোববার রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকায় ছদ্মবেশে রিকশা চালানোর সময় শফিউলকে গ্রেপ্তার করা হয়েছে।