চকরিয়া পৌর যুবলীগ সভাপতিকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলার অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মো. হাসানগীর হোছাইনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার রাতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার জেলা যুবলীগ তাঁকে বহিষ্কার করে।
গত ১৬ জুলাই যুবলীগের সভাপতি মো. হাসানগীর হোছাইনের নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। এ নিয়ে গত ১৭ জুলাই প্রথম আলোতে পুলিশের ওপর ‘যুবলীগের’ হামলা, দুই সদস্য আহত শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা মোতাবেক মো. হাসানগীর হোছাইনকে চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া কেন তাঁকে স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। তিনি বলেন, হাসানগীর হোছাইনের পরিবর্তে চকরিয়া পৌরসভা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফরহাদুল ইসলাম ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।