চকরিয়া পৌর শহরে ১০০ ছিনতাইকারী!
‘প্রতি ঈদে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে যায়। এখন চকরিয়ায় অন্তত ১০০ ছিনতাইকারী আছে।’ কক্সবাজারের চকরিয়া পৌর শহরের ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভায় নুরুল আবছার নামের এক ব্যবসায়ী এ অভিযোগ করেন।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় পৌর এলাকার একটি বিপণিকেন্দ্রের নিচতলায় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক। প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী।
ব্যবসায়ীরা বলেন, চকরিয়ায় ৩৫ থেকে ৩৬টি বিপণিকেন্দ্র আছে। এখানে স্থায়ী একটি পুলিশ ক্যাম্প দিতে হবে। প্রতিটি বিপণিকেন্দ্রে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা লাগাতে হবে।
সভায় বক্তব্য দেন চকরিয়া দোকান মালিক সমিতির সহসভাপতি মুজিবুল হক, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, ব্যবসায়ী ফজলুল কাদের, আবদুল মজিদ, আজিজুল হক প্রমুখ।
ইউএনও সাহেদুল বলেন, রমজানে আইনশৃঙ্খলা ঠিক রাখতে ১০ জন আনসার সদস্য ও পৌরসভার পক্ষ থেকে ১২-১৪ জন কমিউনিটি পুলিশ প্রতিদিন দায়িত্ব পালন করছেন। কয়েক দিনের মধ্যেই সব মার্কেটে সিসি ক্যামেরা বসানো হবে।
ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ক্রেতা বেশে ঈদবাজারে সাদাপোশাকের পুলিশ ও নারী পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার এ কে এম ইকবাল হোসেন বলেন, ‘ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা তুলতে পুলিশের সহযোগিতা নেবেন। ব্যাংক ম্যানেজারদের বিষয়টি বলে দিয়েছি। ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে অভিযান চলছে।’