চকরিয়ার প্যারাবন থেকে মালয়েশিয়াগামী ১২ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থেকে গত মঙ্গলবার গভীর রাতে মালয়েশিয়াগামী ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার দুপুরে তাঁদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ডের মহেশখালীর কন্টিনজেন্ট কমান্ডার রনকুল ইসলাম বলেন, মালয়েশিয়ায় পাচারের জন্য কিছু লোককে উপজেলার বদরখালী ইউনিয়নের প্যারাবন এলাকায় রাখা হয়েছে, এমন খবর ছিল। রাত দেড়টার দিকে সেখানে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। তবে কোনো দালালকে আটক করা যায়নি। আটক হওয়া ব্যক্তিরা হলেন কামরুল ইসলাম, আল আমিন মিয়া, সজল মিয়া, সজিম মিয়া, মোহাম্মদ শরিফ, আনোয়ার হোসেন, আবদুল আলিম, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ সুমন, সুমন মিয়া, রুহুল আমিন, আবদুল মালেক। তাঁরা নরসিংদী, সিরাজগঞ্জ ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
আটক হওয়া মোহাম্মদ শরিফ বলেন, তিনি সাতক্ষীরার এক লোককে (দালাল) দেড় লাখ টাকা দিয়েছেন। সাগরপথে তাঁকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা ছিল। তাঁর মতো আরও ১১ জনকে সড়ক পথে চকরিয়া এনে চোয়ারফাঁড়ি এলাকার একটি ঘরে গত এক সপ্তাহ আটকে রাখা হয়। গত মঙ্গলবার রাতে তাঁদের কাছ থেকে মোবাইল, টাকা, কাপড়চোপড়সহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে নৌকায় তুলে দিতে প্যারাবন এলাকায় নিয়ে যাওয়া হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, আটক হওয়া ব্যক্তিদের কারা হেফাজতে পাঠানো হয়েছে। তাঁরা কয়েকজন দালালের নাম বলেছেন। ওই দালালদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ আইনে মামলা হয়েছে।