চকরিয়ার সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল শিক্ষা সনদ দিয়ে চাকরি করার অভিযোগে কক্সবাজারের চকরিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার পরিতোষ কুমার দাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বুধবার পেকুয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় থেকে পরিতোষ কুমার দাসকে গ্রেপ্তার করা হয়। তিনি পেকুয়া উপজেলা সাব-রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে আছেন।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ১৯৮৫ সালের ২৭ ফেব্রুয়ারি সাব-রেজিস্ট্রার পদের জন্য মনোনীত হন পরিতোষ কুমার দাস। সে সময় তিনি আবেদনের সঙ্গে এমএসসি পাসের জাল সনদ জমা দেন। ২০০৯ সালের ৯ সেপ্টেম্বর তিনি সাব-রেজিস্ট্রার পদে যোগ দেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভুঁইয়া প্রথম আলোকে বলেন, শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগে ঢাকার শাহবাগ থানায় পরিতোষ কুমার দাসের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের কর্মকর্তারা থানা-পুলিশের সহযোগিতায় পেকুয়া সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।