চকরিয়ায় অপহৃত কাউন্সিলর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুই ঘণ্টা পর কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি জিপ জব্দ করা হয়।
অপহৃত নজরুলের চাচা রুহুল আমিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে চট্টগ্রাম থেকে ভাঙারমুখ এলাকার বাড়িতে আসেন নজরুল। দোতলা বাড়ির নিচতলা বাসা ও দ্বিতীয় তলা কার্যালয় হিসেবে ব্যবহার করেন তিনি। রাত ১২টার দিকে নজরুল কার্যালয়ে ওঠার সময় ১৫ থেকে ১৮ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা অস্ত্রের মুখে নজরুলকে একটি জিপ গাড়িতে তুলে নিয়ে যায়।
রুহুল আমিন বলেন, নজরুলের অপহৃত হওয়ার বিষয়টি জানাজানি হলে পুলিশ ও স্থানীয় লোকজন বিভিন্ন সড়কের মুখে অবস্থান নেয়। একপর্যায়ে ফাঁসিয়াখালীর রশিদ আহমদ চৌধুরী উচ্চবিদ্যালয়ের পাশে অপহরণের কাজে ব্যবহৃত জিপ গাড়িটি কাদায় আটকে থাকতে দেখা যায়। রাত দুইটার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের চরণদ্বীপের চর্বিকাটা এলাকায় সড়কের পাশে নজরুলকে মুমূর্ষু অবস্থায় পাওয়া যায়। পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে ক্লিনিকে ভর্তি করা হয়।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর তিনি মাদকদ্রব্য বিক্রিতে বাধা দেন। এ ছাড়া কয়েকজন মাদক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়। এতে ক্ষিপ্ত হয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। তারা একজোট হয়ে মাদক ব্যবসায়ী জিয়াউদ্দিন ওরফে বাবলুর নেতৃত্বে তাঁকে অপহরণ করেছিল।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, জিপ থেকে একটি দা ও বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিয়াউদ্দিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।