চকরিয়ায় অপহৃত দুই শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি চায়ের দোকান থেকে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় অপহৃত দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
ওই দুই শিশুকে গত শুক্রবার বিকেল পাঁচটায় চকরিয়া পৌরসভার আমান্যারচর এলাকা থেকে অপহরণ করেছিল একদল দূর্বৃত্ত। শিশুরা হলো, আমান্যারচর এলাকার দুবাইপ্রবাসী মো. আলমগীরের কন্যা হাফছা মনি (৬) ও ছেলে মো. ফাহিম (৪)।
পুলিশ, অপহৃত শিশুর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার বিকেল পাঁচটায় বাড়ির সামনে খেলা করছিল হাফছা ও ফাহিম। ওই সময় দুই অপহরণকারী একটি অটোরিকশাতে তুলে তাদের নিয়ে যায়। ওই দিন সন্ধ্যার পর থেকে একাধিক মুঠোফোন নম্বরের মাধ্যমে দুই শিশুকে ফেরত পেতে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ওই দুই শিশুর মা ডেজিনা আকতার বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় থানায় গিয়ে পুলিশের সাহায্য নিই। অপহরণকারীরা শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার ভোর পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে মুক্তিপণের বিনিময়ে শিশুদের ফেরত দেওয়ার কথা বলেছিল। কিন্তু সঙ্গে পুলিশ থাকায় তাঁরা একপর্যায়ে আমাকে ও আমার দেবর আবদুল হামিদকে মুঠোফোনে বকাঝকা করে অপহরণকারীরা।’
একটি সূত্র জানিয়েছে, গতকাল সকালে একটি বিকাশ নম্বরে ৩৫ হাজার টাকা পাঠানোর পর অপহৃত ওই দুই শিশুকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন একটি চায়ের দোকানে ফেলে চলে যায় অপহরণকারীরা। পরে সেখান থেকে অপহৃত শিশুর পরিবার ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। তবে পুলিশ ও অপহৃত শিশুর পরিবার মুক্তিপণ দেওয়ার কথা অস্বীকার করেছে।
চায়ের দোকানি ছৈয়দ আলম (৪০) বলেন, ‘সাদা পাঞ্জাবি পরা এক ব্যক্তি চাচা পরিচয় দিয়ে দুই শিশুকে তাঁর দোকানের সামনের সড়কে রিকশা থেকে নামিয়ে দেয়। পরে শিশু দুটিকে দোকানে নিয়ে আসি। তাদের কাছ থেকে জানতে পারি, ওই দুই শিশুকে অপহরণ করা হয়েছিল।’
অপহৃত শিশু দুটির উদ্ধার অভিযানে অংশ নেওয়া চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, উদ্ধার অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল ভোর পর্যন্ত বিভিন্ন স্থান পরিবর্তন করে। অপহৃতরা উদ্ধার হয়েছে। অপহরণকারীদের ধরতে অভিযান চলছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, অপহরণকারীদের ধরতে পুলিশের তিনটি দল মাঠে কাজ করছে।