চকরিয়ায় অপহৃত দুই স্কুলছাত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী পাহাড়ের জঙ্গল থেকে গত বুধবার রাতে অপহৃত দুই স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার ভোরে ১০-১২ জন সশস্ত্র ডাকাত দরজা ভেঙে উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলীর জহির আহমদের বসতঘরে প্রবেশ করে। ডাকাতি শেষে যাওয়ার সময় তারা জহির আহমদের ছেলে খুটাখালী প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আবদুর রহিমকে নিয়ে যায়। পরে ওই ডাকাত দল একই এলাকায় প্রবাসী আবদুর রশিদের বাড়িতে হানা দেয়। ওই বাড়িতে লুটপাট শেষে যাওয়ার সময় ডাকাতেরা আবদুর রশিদের ছেলে খুটাখালী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মোহাম্মদ এহেছানকেও তুলে নিয়ে যায়। দুই স্কুলছাত্রকে নিয়ে পাশের গর্জনতলী পাহাড়ে চলে যায় ডাকাতেরা। এরপর ডাকাতেরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম প্রথম আলোকে বলেন, অপহরণকারীদের ভয়ে ঘটনাটি পুলিশকে জানায়নি অপহৃত স্কুলছাত্রদের পরিবার। স্থানীয় সংবাদকর্মী ও জনপ্রতিনিধির কাছ থেকে শুনে অপহৃত ছাত্রদের উদ্ধার করতে ও অপহরণকারীদের ধরতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে গর্জনতলী পাহাড়ের আশপাশের এলাকায় অভিযান শুরু করে পুলিশ। অভিযানের মুখে অপহরণকারীরা অপহৃত দুই ছাত্রকে জঙ্গলে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে দুই ছাত্রকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
পুলিশ ও অপহৃত ছাত্রদের পরিবারের দাবি, দুই ছাত্রকে মুক্ত করতে কোনো মুক্তিপণ দিতে হয়নি।