চকরিয়ায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজার এলাকা থেকে গত রোববার রাতে অপহৃত এক ছেলে শিশুকে (১২) উদ্ধার করেছে পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও শিশুটির স্বজনদের ভাষ্যমতে, গত শুক্রবার সন্ধ্যায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর সেতু এলাকা থেকে শিশুটিকে অপহরণ করেমাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের পর তাকে মালুমঘাট বাজারের একটি আবাসিক হোটেলে নিয়ে জিম্মি করে রাখে অপহরণকারী। এ সময় শিশুটির বাবার কাছ থেকে মুঠোফোনে মুক্তিপণ দাবি করা হয়। রোববার রাতে খাবার খেতে হোটেল থেকে নিচের একটি দোকানে নামানো হলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় লোকজন জড়ো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার ও অপহরণকারী ব্যক্তিকে গ্রেপ্তার করে।

শিশুটির বাবা বলেন, অপহরণের পর তাঁর কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ছাড়া দুই দিন ধরে অপহরণকারী ব্যক্তি তাঁর সন্তানকে যৌন হয়রানি করেছে। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, ওই শিশুকে অপহরণের পর যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।