চকরিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার একটি খামারবাড়ি থেকে গতকাল সোমবার অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মো. মহিউদ্দিন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায়।
গত শনিবার দিবাগত রাতে বাড়ির দরজা ভেঙে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁসিয়াখালী ইউনিয়ন থেকে ওই এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অপহরণকারীরা গুলি ছোড়ে। অপহৃত হওয়ায় ওই ছাত্রী গত রোববার শারীরিক শিক্ষা পরীক্ষায় অংশ নিতে পারেনি।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, মোবাইল ট্র্যাকিং ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে একটি খামারবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় খামারবাড়ির একটি ঘর থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার এবং মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য অপহরণকারীরা পালিয়ে যায়।
এসআই আলমগীর জানান, ওই ছাত্রীর বড় ভাই অপহরণের অভিযোগে মহিউদ্দিনকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি জানান, মহিউদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।