চকরিয়ায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া থেকে দুটি এলজি, একটি কাটা রাইফেল ও ছয় রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের শিতারখীল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের আগে ওই চারজনসহ আরও কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মিজান মেহেদী, একই ইউনিয়নের রাজঘাট এলাকার মো. ছাদেক, চকরিয়া পৌরসভার কসাইপাড়ার নুর মোহাম্মদ ও মগবাজার এলাকার নুরুল ইসলাম।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী প্রথম আলোকে বলেন, সশস্ত্র ডাকাতেরা শিতারখীল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে বাড়ির ভেতর থেকে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে থাকা আরও কয়েকজন ডাকাত পালিয়ে যান।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অস্ত্র উদ্ধার ও ডাকাতির প্রস্তুতির ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।