চকরিয়ায় অস্ত্রসহ ছয় ডাকাত আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাত চারটার দিকে উপজেলার চকরিয়া-লামা-আলীকদম সড়কের কুমারী সেতু এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

পুলিশ জানায়, গতকাল রোববার রাত ১১টার দিকে একদল ডাকাত কুমারী সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরে রাত দুইটার দিকে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি-চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে কুমারী সেতুসংলগ্ন পাহাড়ে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে পুলিশ ডাকাত সর্দার লম্বা বেলালসহ ছয় ডাকাতকে আটক করে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর বলেন, সড়ক ও বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এ অভিযান চালানো হয়। একপর্যায়ে ডাকাত দল একটি পাহাড়ে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ছয় ডাকাতকে আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডাকাত দলের কাছ থেকে দেশে তৈরি চারটি বন্দুক, দুটি ছুরি, একটি কিরিচ ও দুটি দা উদ্ধার করা হয়েছে। আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হবে।