চকরিয়ায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লম্বাখালী এলাকার একটি মৎস্যঘের থেকে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের দরবেশকাটার মো. আবু ওবায়েদ ও আনিসুল মোস্তফা এবং মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নয়াপাড়ার গিয়াস উদ্দিন।
বদরখালী নৌপুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ ইসমাঈল হোসেন বলেন, একটি মৎস্যঘেরে কিছু অবৈধ অস্ত্র আছে—এমন খবর পেয়ে ইউএনওর নেতৃত্বে অভিযানে যায় পুলিশ। পরে ওই মৎস্যঘের থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ২০টি কার্তুজ, একটি দা ও চারটি মুঠোফোন উদ্ধার করা হয়।
ইউএনও সাহেদুল ইসলাম বলেন, চিংড়ি জোনে অবৈধ অস্ত্র থাকায় অপরাধ বাড়ছে। এ কারণে বদরখালী নৌপুলিশ ফাঁড়িকে খোঁজখবর নিতে বলা হয়। একটি মৎস্যঘেরে অস্ত্রের সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। তিনজনকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে মামলা করতে বলা হয়েছে।
তবে আনিসুল মোস্তফার ভাই শহিদুল ইসলাম বলেন, তাঁর মৎস্যঘের পাহারা দেওয়ার জন্য দুটি বৈধ অস্ত্র আছে। সেখানে অবৈধ অস্ত্র ছিল না। গত ইউপি নির্বাচনে আনিসুল মোস্তফা এক প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই প্রার্থী পুলিশকে হাত করে মৎস্যঘেরে কৌশলে অবৈধ অস্ত্র ফেলে দিয়ে তাঁর ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। অভিযানের সময় আনিসুল মোস্তফা বৈধ অস্ত্রটি নিয়ে ঘুমন্ত অবস্থায় ছিলেন। অন্য চারটি অস্ত্র অনেক দূর থেকে উদ্ধার করা হয়।