চকরিয়ায় অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছইন্যাকাটা এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে র্যাব দুটি অস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছইন্যাকাটা এলাকার মো. শাহাব উদ্দিন (৪৫) ও মো. নেজাম উদ্দিন (৪৬)।
র্যাব সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের পহরচাঁদা সেতু এলাকায় অবস্থান নিয়ে কিছু দুর্বৃত্ত নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে অভিযান চালায়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। পরে র্যাব ধাওয়া করে শাহাব উদ্দিন ও নেজাম উদ্দিনকে ধরে ফেলে। পরে তাঁদের শরীর তল্লাশি করে দেশে তৈরি একটি এলজি, একটি ওয়ান শুটারগান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শরাফত ইসলাম বলেন,
গ্রেপ্তার শাহাব উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে ও ডাকাতির অভিযোগে দুটি মামলা আছে। নেজাম উদ্দিন দীর্ঘদিন ধরে তাঁর সহযোগী হিসেবে কাজ করছেন।