কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজার পাড়া এলাকায় অস্ত্রের মুখে তিন ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীর রাতে এলাকার একটি চায়ের দোকান থেকে তাঁদের অপহরণ করা হয়। অপহরণের শিকার তিন ব্যক্তি ওই দোকানে বসে টেলিভিশনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন।
পরে দুর্বৃত্তরা চা-দোকান থেকে কিছুটা দূরে একটি বাড়িতে ঢুকে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করে। তা ছাড়া একই এলাকার দুটি বাড়িতে হানা দিয়ে চারটি মোবাইল ফোন এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করা হয়।
অপহৃত তিন ব্যক্তি হলেন ভিলেজার পাড়ার কবির হোসেনের ছেলে জিয়াবুল ইসলাম (২৬), রমজান আলীর ছেলে জয়নাল উদ্দিন (২৮) ও মিলন মুন্সীর ছেলে হেলাল উদ্দিন (২৭)। অপহরণকারীরা মুঠোফোনে তিন পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার দিবাগত রাত দুইটার দিকে ভিলেজার পাড়া এলাকার কবির হোসেনের চায়ের দোকানে বসে ইউরো ফুটবলের ফাইনাল খেলা দেখছিলেন ছয় ব্যক্তি। এ সময় ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত দোকানে হানা দিয়ে তাঁদের জিম্মি করে। পরে পাঁচজন দুর্বৃত্ত কবির হোসেন ও তাঁর ভাই নজির হোসেনের বাড়িতে হানা দিয়ে চারটি মুঠোফোন ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার লুট করে। দুর্বৃত্তরা পাশের আরেকটি বাড়িতে ঢুকে মো. ইউনুছ ওরফে ইনু (৪০) ও জসিম উদ্দিন (৪০) নামের দুজনকে কুপিয়ে জখম করে। আহত দুজন বিভিন্ন মামলার আসামি হওয়ায় তাঁরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
চায়ের দোকানের মালিক কবির হোসেন বলেন, দুর্বৃত্তরা তাঁকে ও অপর দুই ব্যক্তিকে ছেড়ে দিয়ে তাঁর ছেলে জিয়াসহ তিনজনকে অপহরণ করে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, অপহরণকারীরা পাহাড়ে অবস্থান করছে এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। কিন্তু বৃষ্টির কারণে উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। অপহরণকারীদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।